

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর পার হয়ে সাপাহার রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্র চার মাথা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা গৃহিণী খাতিজা (২৭) এবং তার ৮ বছর বয়সী শিশু সন্তান ফাতেমা জান্নাত মারা যান। তবে ঘটনাক্রমে বেঁচে যান মোটরসাইকেলের চালক কাউসার (৩৪)। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ সময় মোটরসাইকেল চালক কাউসার নজিপুর থেকে মোটরসাইকেলযোগে নিহত দুজন আরোহীকে নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।
পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয় দোকানদার ও বাসিন্দারা নজিপুর বাসস্ট্যান্ডের চত্বরের /চারমাথার চারপাশে চার্জার ভ্যান, সিএনজি প্রশস্ত রাস্তা দখল করে রাখার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেন।
