

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লা জুড়ে চর্মরোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। জেলা শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই খোসপাঁচড়া, দাদ, টিনিয়া ও অ্যালার্জিজনিত চর্মরোগে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। এতে করে বহির্বিভাগে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সরেজমিন কুমিল্লা সদর হাসাপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশির পাশাপাশি চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা এসব রোগীর অধিকাংশই আগে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কিন্তু তাতে কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে আসছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। শিশু, নারী ও বয়স্ক সব বয়সী মানুষের মধ্যেই চর্মরোগের প্রকোপ দেখা যাচ্ছে। তীব্র চুলকানি, লালচে ফুসকুড়ি, ত্বকের অতিরিক্ত শুষ্কতা, ফাটল এবং অ্যালার্জিজনিত নানা উপসর্গ নিয়ে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, শীতকালে বাতাস শুষ্ক হয়ে যাওয়ায় মানুষের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এর সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ঘাটতি, শীতের কাপড় নিয়মিত না ধোয়া, দীর্ঘদিন একই কাপড় ব্যবহার এবং অপরিষ্কার পরিবেশে বসবাসের কারণে ছত্রাকজনিত চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে নিম্নআয়ের ও সচেতনতার অভাব রয়েছে এমন মানুষের মধ্যে এসব রোগের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
চিকিৎসকদের মতে, শীতের সময় ত্বকের যথাযথ যত্ন না নিলে দাদ, টিনিয়া, খোসপাঁচড়া ও অ্যালার্জির মতো চর্মরোগ দ্রুত জটিল আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে রোগ দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই শীত মৌসুমে নিয়মিত গোসল, পরিষ্কার কাপড় পরা এবং প্রয়োজন অনুযায়ী ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
চর্মরোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা জানান, শুরুতে বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে গুরুত্ব না দেওয়ায় রোগ বেড়ে গেছে। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ ও মলম ব্যবহার করেও অনেক ক্ষেত্রে রোগ পুরোপুরি ভালো হয়নি। ফলে বাধ্য হয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।
ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা সামিয়া বলেন, “শরীরের কয়েক জায়গায় দাদ হয়েছে। ফার্মেসি থেকে কয়েকবার ওষুধ নিয়েছিলাম। প্রথমে ভালো মনে হলেও পরে আবার সমস্যা দেখা দেয়। এখন হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি।”
একই উপজেলার দেড় বছর বয়সী শিশু মুনতাহাকে চর্মরোগের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তার মা বিলকিস আক্তার। তিনি বলেন, “গরমের সময় কোনো সমস্যা ছিল না। শীত পড়ার পর থেকেই অ্যালার্জি শুরু হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা করে উপকার না পেয়ে হাসপাতালে এনেছি।”
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরূপ সিংহ বলেন, “শীত মৌসুমে চর্মরোগের প্রকোপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে অ্যালার্জি ও ছত্রাকজনিত রোগ বেশি দেখা দেয়। এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি।”
তিনি আরও বলেন, “চর্মরোগে আক্রান্ত হয়ে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা, বিনামূল্যের ওষুধ ও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে নিজে নিজে ফার্মেসি থেকে চিকিৎসা না নিয়ে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ভুল চিকিৎসায় রোগ আরও জটিল হয়ে উঠতে পারে।”
কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর বলেন, শীতকালের কারণে মানুষ এখন পানি কম ব্যবহার করে এবং একে অপরের সাথে ঘনবসতীপূর্ণ ভাবে বসবাস করে। ফলে অপরিস্কার থাকা অস্বাভাবিক নয়। যার কারণে এই সিজনে চর্মরোগে আক্রান্ত হচ্ছে বেশি মানুষ। তবে কুমিল্লা সদর হাসপাতালসহ জেলার সব কয়টি সরকারি হাসপাতালেই আমাদের মোটামোটি পর্যাপ্ত ওষুধ আছে। আশা করি সমস্যা হবে না। তিনি সবাইকে নিয়মিত গোসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ভাবে থাকার আহবান জানিয়েছেন।
