ঢাকা
logo
প্রকাশিত : January 18, 2026

পুলিশের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাই, ১১ জনের বিরুদ্ধে মামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে এসল্ট মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০:৩০ মিনিটে দোয়ারাবাজার থানাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় একদল দুষ্কৃতকারী বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ন্যায়সঙ্গত সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে জখম করে। হামলার একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত ২টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। উদ্ধারকৃত তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।

এই ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন: মোঃ দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মোঃ সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) এবং সজিব মিয়া (২০)। তারা সবাই স্থানীয় মৌলারপাড় এলাকার বাসিন্দা।

এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলায় পেনাল কোড-এর ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীকে মারধর, হত্যার চেষ্টা এবং চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনার পর ১৭ জানুয়ারি মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং ১৪)। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুস ছালাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram