

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন পরিষদে জাল ওয়েবসাইট ব্যবহার করে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে এ সংক্রান্ত তথ্যের সত্যতা পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্তর, যেখানে সাধারণ জনগণ জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা গ্রহণ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি অসাধু চক্র ইউনিয়ন পরিষদের নাম, লোগো ও কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে জাল ওয়েবসাইটের মাধ্যমে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরি ও সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। এসব ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট ব্যবহার করে ভূমি দখল, সম্পত্তি বণ্টন ও আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান সরদার বলেন, আমি মিলনের কাছ থেকে একটি জায়গা ক্রয়ের উদ্দেশ্যে পূর্ব সমঝোতার ভিত্তিতে বায়না প্রদান করি। বায়না প্রদানকালে মিলন আমাকে আশ্বস্ত করেন যে, জায়গাটি তার নিজস্ব ও আইনগতভাবে বৈধ মালিকানাধীন সম্পত্তি এবং ভবিষ্যতে কোনো প্রকার জটিলতা ছাড়াই রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে।
পরবর্তীতে নির্ধারিত সময় অনুযায়ী আমি জায়গা রেজিস্ট্রি করার প্রস্তুতি গ্রহণ করি। রেজিস্ট্রির সময় আমাকে একটি ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করা হয়, যা তারা জায়গার মালিকানা প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হওয়ায় আমি ওয়ারিশান সার্টিফিকেট যাচাই করার উদ্দেশ্যে কালিন্দী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি।
কালিন্দী ইউনিয়ন পরিষদে যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে অবহিত করেন যে, ওয়ারিশান সার্টিফিকেটটি সম্পূর্ণ জাল ও ভুয়া এবং ইউনিয়ন পরিষদ থেকে কখনোই এ ধরনের কোনো ওয়ারিশান সার্টিফিকেট ইস্যু করা হয়নি। ফলে আমি নিশ্চিত হই যে, মিলন ও তার সহযোগীরা প্রতারণামূলক উদ্দেশ্যে জাল কাগজপত্র তৈরি করে আমার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছে।
এই ঘটনার মাধ্যমে আমি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়েছি। জাল ওয়ারিশান সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তারা আমাকে প্রতারণা করেছে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর আবেদন জানাচ্ছি।
কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোতালেব মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের নির্ধারিত সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে ইস্যুকৃত ওয়ারিশান সার্টিফিকেট সম্পূর্ণ ভুয়া এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমরা তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে পাঠিয়েছি। বিস্তারিত আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক বলতে পারবে।
কালিন্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুননাহার বলেন, কালিন্দী ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া সকল ওয়ারিশান সনদ শুধুমাত্র নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই ইস্যু করা হয়। ইউনিয়ন পরিষদের নিজস্ব দাপ্তরিক রেজিস্টার, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষর এবং অফিসিয়াল সিল ব্যতীত কোনো সনদই বৈধ নয়। ভুয়া ওয়েবসাইট বা অননুমোদিত অনলাইন মাধ্যম থেকে প্রাপ্ত কোনো ওয়ারিশান সনদের সাথে ইউনিয়ন পরিষদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ভুয়া সনদ ব্যবহার করে কেউ আইনগত বা আর্থিক সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক বলেন, “ইউনিয়ন পরিষদের নামে জাল ওয়েবসাইট ব্যবহার করে ভুয়া সনদ তৈরি করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সাধারণ জনগণকে অনুরোধ করবো, তারা যেন শুধুমাত্র সরকারি নির্ধারিত ওয়েবসাইট ও ইউনিয়ন পরিষদের অফিস থেকে সেবা গ্রহণ করেন। কোনো সন্দেহজনক কাগজপত্র দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। ভুয়া ওয়েবসাইট ওয়ারিশান সার্টিফিকেট বিষয়ে তদন্ত শেষে জড়িত চক্রকে আইনের আওতায় আনা হবে।
