

মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে বড় আকারের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১.৫ একর সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা।
অভিযানে ৫০টিরও অধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছিল। বুধবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভূমি অফিসের সামনের এই সরকারি জায়গায় কিছু লোকজন অবৈধভাবে দোকানঘর ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলে। আমের মৌসুমে এই স্থানটি আম কেনাবেচার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে ভূমি অফিস সংলগ্ন সড়কে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দেয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
আমের মৌসুম শেষ হলেও স্থাপনাগুলো সরিয়ে না নিয়ে সেখানে চালু রাখা হয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির দোকান। বারবার মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও দখলদাররা সরকারি জমি ছাড়েনি। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থান নেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী। উপস্থিত ছিলেন বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন রাসেল সরকার, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “সরকারি সম্পদ রক্ষায় আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে গুরুত্বপূর্ণ একটি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, উচ্ছেদ হওয়া জায়গাটি হাটের দিন আম ও গুড় ব্যবসায়ীদের বসার জন্য নির্ধারণ করা হলে বানেশ্বর বাজার এলাকায় যানজট অনেকাংশেই হ্রাস পাবে। দীর্ঘদিন ধরে বাজারের কেন্দ্রে বসা ব্যবসায়ীদের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হতো। এ সময় স্থানীয় জনসাধারণ প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানান এবং অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
