ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

শৈত্য প্রবাহের প্রভাবে কৃষি উৎপাদনে শঙ্কা

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গত এক সপ্তাহ যাবত সারাদেশের ন্যায় নবীনগর উপজেলা জুড়ে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বছরের এই সময়ে কৃষি নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। শৈত্যপ্রবাহ কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়- বিশেষত বোরো ধানের বীজতলা হলুদ হয়ে মরে যায়, আলু, সরিষা, পেঁয়াজ, টমেটো, শিম, লাউ, করলাসহ বিভিন্ন শীতকালীন সবজি ও ফসলের মুকুল ও পাতা কালো হয়ে যায়, যা ফলন মারাত্মকভাবে হ্রাস করে। তীব্র শীতে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ডগা মরে যায় এবং রোগবালাইয়ের প্রকোপ বাড়ে, যা কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি সাধন করে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, কাইতলা (উ.), নাটঘর, নবীনগর পূর্ব, শিবপুর, বিদ্যাকুট ইউনিয়নের হাওরের ধান রোপণ পুরোদমে চলছে। আবার অপেক্ষাকৃত উচু জমি ইব্রাহিমপুর, লাউরফতেহপুর, জিনদপুর ইউনিয়নে বীজতলা তৈরি এবং পরিচর্যায় ব্যস্ত কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৯০৫ হেক্টর জমির বীজতলা তৈরি হয়েছে, যা দিয়ে রেকর্ড ১৮১০০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদিত হবে। শৈত প্রবাহ ও শীতের প্রকোপ থেকে বীজতলা রক্ষার্থে উপসহকারি কৃষি অফিসারদের পরামর্শে বোরো ধানের বীজতলায় কৃষক বিকেলে সেচ দিচ্ছে, সেই পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিচ্ছে প্রতিদিন সকালে চারার ওপর জমা হওয়া শিশির ঝরিয়ে নিতে কাজ করছে।

এদিকে নবীনগর উপজেলায় ২৪৫ হেক্টর জমিতে আলু এবং ২১০ হেক্টর জমিতে শীতকালীন টমেটো আবাদ হচ্ছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলু এবং টমেটোর নাবী ধ্বসা রোগের আক্রমণ দেখা দিচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের নাবী ধ্বসা রোগের প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক ৫ থেকে ৭ দিন পর পর স্প্রে করতে পরামর্শ দিচ্ছে। নবীনগর উপজেলায় প্রায় ৪১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। তীব্র শীতে সরিষায় রোগ বালাই এবং পলিনেশনে সমস্যা হতে পারে এমনটা মনে করছে স্থানীয় কৃষকবৃন্দ।

শৈত্য প্রবাহের প্রভাবে কৃষকদের করনীয় নিয়ে সম্পর্কে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, কৃষিতে আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা করেই সবসময় কৃষকদের কাজ করতে হয়। শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রবি শস্য এবং বোরো বীজতলা। আমরা কৃষকদের শুরু থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দিয়ে আসছি। আশা করি দ্রুত আবহাওয়া অনূকুলে চলে আসবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram