

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রেম করে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের পর অপহরণ মামলায় কারাবন্দি হওয়া যুবক রুবেল মিয়ার মুক্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা রফিক উদ্দিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বয়োবৃদ্ধ পিতা রফিক উদ্দিন অভিযোগ করে বলেন, একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির ফয়জুল কাহারের মেয়ে শিউলী আক্তারের সঙ্গে তার ছেলে রুবেল মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবারকে না জানিয়ে তারা নোটারি পাবলিকের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে চট্টগ্রামে চলে যান এবং সেখানে স্বামী-স্ত্রী হিসেবে প্রায় দেড় মাস সংসার করেন।
তিনি আরও বলেন, 'সংসার করার দেড় মাস পর মেয়ের পরিবারের লোকজন কৌশলে শিউলী আক্তারকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং পরে আমার নিরপরাধ ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। সেই মামলায় আমার ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।'
রফিক উদ্দিন দাবি করেন, এটি একটি পারিবারিক ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে সাজানো মামলা। তার মতে, প্রাপ্তবয়স্ক দুইজনের সম্মতিতে বিয়ে হলে সেটিকে অপহরণ বলা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমার নিরপরাধ ছেলের মুক্তি নিশ্চিত করা হোক। ন্যায়বিচার চাই—আর কিছু না।'
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
