

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী মামলায় আসামি মো. রিয়াদ সরকার (২৭) ও মো. খোকন বেপারী (৫২) কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার সেকেন্ড অফিসার(এসআই) ইহসান হাসান জানান, রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগ ও কৃষিলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রিয়াদ সরকার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি; সে তুলাতলী গ্রামের মো.আলাউদ্দিন সরকারের ছেলে ও মো. খোকন বেপারী কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক; সে বিটেশ্বর ইউনিয়নের মাতলা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে৷
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
