ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2026

খালেদা জিয়ার জানাজায় জুলাই যোদ্ধার বাবার মৃত্যু, বাউফলে দাফন সম্পন্ন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বাউফলের বাসিন্দা ও বিএনপি কর্মী মো. নিরব হোসেন (৫৬)। তিনি জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থী তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুুপুর সোয়া ২ টায় বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিহত নিরব হোসেন বড় ডালিমা গ্রামের মরহুম মতিউর রহমান মিয়ার ছেলে। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকার মগবাজার এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং সাবেক গণমাধ্যমকর্মী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে শরিক হতে এক বন্ধুর সাথে যান নিরব হোসেন। সেখানে প্রচন্ড ভিড়ের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিরব হোসেনের বড় ছেলে তাহসিন হোসেন নাহিয়ান (১৫) মোহাম্মদপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জুলাই আন্দোলনে সে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, নিরব হোসেনের মৃত্যুর খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তারেক রহমানের বিশেষ সহযোগিতায় মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছানো হয় এবং তিনি এই শোকসন্তপ্ত পরিবারের সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী-২ বাউফল আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরেরও বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram