

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবস্থিত উম্মুল কুরআন মাদ্রাসায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসাটিতে আগেরবার ঘটা বিস্ফোরণের সময় ক্ষতিগ্রস্ত হওয়া পাশের বাড়িটি পরিষ্কার করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাজু (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষে থাকা একজন ব্যক্তি আহত হন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত পাশের বাড়িটি পরিষ্কার করতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন আহত হন। বিস্ফোরণের প্রভাবে মাদ্রাসার দেয়াল, ছাদ এবং আশেপাশের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে ককটেল বোমা, বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে।
