

কেরানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দুটি আসন ঢাকা-৩ ও ঢাকা-২ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমর্থিত সংগঠনের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আওতাধীন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা নিজ নিজ দলের প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএপির সভাপতি এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির মো: নাজিমউদ্দিন, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পল, গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন ইয়াজদানী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রাথী মো: শোয়াইব মাহমুদ, গণধিকার পরিষদ মনোনীত প্রাথী মোঃ সাজ্জাদ মনোনয়ন সংগ্রহ করেছেন।
ঢাকা-২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মো: তৌফিক হাসান ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা-২ ও ঢাকা-৩ আসন থেকে এখন পর্যন্ত মোট ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

