

মুন্সীগঞ্জের গজারিয়ায় হাইওয়ে ও থানা পুলিশের টহলরত দুটি গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি টহল গাড়ি রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টহলরত গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের দুটি গাড়িই উল্টে গিয়ে মহাসড়কের ওপর পড়ে। এতে হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব, কনস্টেবল নয়নসহ মোট দুইজন আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ঘটনার পরপরই পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। এ সময় একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের দুটি গাড়িই উল্টে যায়। এতে হাইওয়ে পুলিশের এক সার্জেন্ট ও এক পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
