

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানায়, খুব ভোরে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই ঘরে থাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখো হচ্ছে। আর ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে।
তবে, বিগত ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
