

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নিহত হওয়ার প্রতিবাদে গাজীপুর মহানগরী ও আশপাশের এলাকায় টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং শুক্রবার দিনভর চান্দনা চৌরাস্তা, গাজীপুর জুলাই চত্বর, টঙ্গী, শ্রীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে শত শত ছাত্র-জনতা চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একই দাবিতে জুমার নামাজের পর মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুনরায় মহাসড়কে অবস্থান নেন। শ্রীপুর এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। সব জায়গাতেই আন্দোলনকারীরা হাদির হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও নৃশংস আখ্যা দিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ও এলাকাবাসীর জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় আন্দোলনকারীদের অবস্থানের কারণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরাও আন্দোলনে যোগ দিলে বিকেল পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে হাদির মৃত্যুর খবরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিববাড়ি পর্যন্ত যান এবং সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই দাবিতে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এছাড়া শুক্রবার বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র, ইঞ্জিনিয়ার পিকোর পরিচালনায় মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তব্য রাখেন সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোঃ ছাদেকুজ্জামান খান, সাদিকুর রহমানসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।
হাদির হত্যার প্রতিবাদে শিববাড়ি, চান্দনা চৌরাস্তা, টঙ্গীর কলেজ গেটসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টানা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে পুরো গাজীপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
