ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়: মিম

বিদ্যা সিনহা মিম— রুপালি পর্দা হোক কিংবা সোশ্যাল মিডিয়া, প্রতিটি ফ্রেমেই যেন জীবন্ত। তার হাসি, দৃষ্টি কিংবা নীরবতাও কথা বলে। ব্যস্ত শুটিং আর কাজের চাপে যখন সময় মেলে, তখন মিম ছুটে যান প্রকৃতির কোলে নিজেকে নতুন করে খুঁজে নিতে। এবার সেই খোঁজের ঠিকানা ছিল স্বপ্নের নীল দ্বীপ— মালদ্বীপ।

কাজের দায় থাকলেও এই সফর যেন পরিণত হয় অনুভূতির এক নীল উৎসবে। সমুদ্রের ঢেউ, আকাশের নীরব বিস্তার আর বাতাসের ছোঁয়ায় নিজেকে ভাসিয়ে দেন মিম। কখনো হারিয়ে যান নীল জলরাশিতে, আবার কখনো ফিরে আসেন ভক্তদের হৃদয়ে— ছবি হয়ে, ভিডিও হয়ে, ভাবনার রেশ হয়ে।

সম্প্রতি ফেসবুক পোস্টে সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই অভিনেত্রী। পোস্টে মিম লিখেছেন একটি কবিতা— “সমুদ্র আমাকে শেখায় কীভাবে ভাঙতে হয়, আবার জোড়া লাগতে হয়। কীভাবে গভীর হয়েও শান্ত থাকা যায়। কিছু দুঃখ ঢেউ হয়ে আসে, কিছু স্মৃতি বালুতে মিলিয়ে যায়— আর আমি বুঝে নিই, সব কিছুর শেষ নেই, শুধু রূপ বদলায়।”

এই কথার মাঝেই যেন লুকিয়ে আছে মিমের জীবনের দর্শন, অনুভব আর নিজেকে নতুনভাবে আবিষ্কারের গল্প।

এদিকে পর্দায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে তার নতুন সিনেমা ‘মালিক’। ঢাকার বাইরে প্রায় এক মাস সিনেমার শুটিং করেছেন তিনি। পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন। নায়ক আরিফিন শুভ। চার বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন শুভ–মিম।

তবে সিনেমা নিয়ে এখনো মুখ খুলছেন না পরিচালক থেকে শুরু করে নায়ক–নায়িকা কেউই। জানা গেছে, অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুভ ও মিমকে দেখা যাবে একেবারে নতুন লুকে। চরিত্রের প্রয়োজনে দুজনই নিয়েছেন কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং।
এর পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত আরও একটি সিনেমা। ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। শমী কায়সার প্রযোজিত এই সিনেমায় শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন মিম, যা তার ক্যারিয়ারে আরেকটি ভিন্নমাত্রার কাজ হিসেবে দেখা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram