

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আতোয়ার রহমান (৩৮) নামের এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা উপজেলার দাড়িয়াপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠনো হয়েছে। আতোয়ার রহমান ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আতোয়ার রহমান নামের ওই মাটি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সময় খননযন্ত্রসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আতোয়ারকে ২ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এসময় একটি মাটি কাটার খননযন্ত্রও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাটি ব্যবসায়ীকে অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
