

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইনায়েত হোসেন (৬৬) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের বড় ভাই। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। ইনায়েত নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ এলাকার মসজিদে পড়ে ইনায়েত বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রঘুনাথপুর-কালিয়া সড়কে মোটরসাইকেল পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করেন এবং পরিবারের লোকজনকে খবর দেন। সেখান থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। রাত ৮ টায় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
