

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধানকোড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে কবরস্থানের ভেতরে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেলে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরেই গভীর রাতে কবরস্থানের আশপাশে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছিল। তবে কেউ বিষয়টি গুরুত্ব দেননি। মঙ্গলবার সকালে কয়েকজন এলাকাবাসী কবরস্থানে গেলে দেখেন এক বছর আগে দাফন করা পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কবরগুলোর মাটিও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
ধানকোড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র অনাচ আলি বলেন, খবর শুনেই কবরস্থানে যাই। গিয়ে দেখি পাঁচটা কবর খোঁড়া অবস্থায় আছে। ভিতরে কোনো হাড়গোড় নেই। এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি।
ধানকোড়া নয়াপাড়া গ্রামের বাসিন্দা মাছুদ রানা বলেন, দুপুরের দিকে শুনি কঙ্কাল চুরি হয়েছে। পরে নিজে গিয়ে দেখি কবরগুলোর ভেতর কিছুই নেই। কে বা কারা এমন কাজ করল, বুঝতে পারছি না। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন, কোনো চক্র তাবিজ– কবচ বা জাদুবিদ্যার উদ্দেশ্যে কঙ্কাল সংগ্রহ করে থাকতে পারে; কেউ আবার চুরির পেছনে অপরাধী চক্রের সম্পৃক্ততার আশঙ্কা করছেন।
ঘটনার পর কবরস্থানের নিরাপত্তা জোরদার এবং এলাকায় রাতের টহল বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি তাই দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অঘটন ঘটতে পারে।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, কবরগুলো খোঁড়া অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
