

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর।
দোয়া মাহফিলে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।”
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, 'দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তার সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।'
এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, সিরাজদৌল্লা চৌধুরী দুলালসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
