ঢাকা
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

ভোলার চরফ্যাশনে অপরাধ দমনে নৌবাহিনীর তৎপরতা, আইন–শৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন

তৈয়্যবুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। তবে দীর্ঘ সময় ধরে অব্যবস্থাপনা, দালালচক্রের উৎপাত, অনিয়ম ও সেবার মান–সংকটের কারণে প্রতিষ্ঠানটি নিয়ে অভিযোগ ছিল ব্যাপক। চিকিৎসা নিতে এসে রোগী–স্বজনেরা হয়রানি ও অতিরিক্ত খরচের মুখোমুখি হওয়া ছিল নিত্যদিনের ঘটনা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনীর যৌথ টিম চরফ্যাশন উপজেলাজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা শুরু করলে পরিস্থিতি পাল্টাতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশমুখ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, ল্যাব ও প্রশাসনিক শাখা—সব জায়গায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী যৌথ টিম। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্র ছত্রভঙ্গ হয়ে যায়। এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী ও কর্মকর্তাদের নিয়মশৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের ওপরও জোর দেওয়া হয়।

অভিযানের পর স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে বলে জানাচ্ছেন রোগী ও স্বজনেরা। অনেকেই বলেন, আগে চিকিৎসা নিতে এলে দালালদের ভিড়ে বিরক্ত হতে হতো। এখন সোজা চিকিৎসকের কাছে যাওয়া যায়, প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষাও দ্রুত সম্পন্ন হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক জানান, অভিযানের পর কর্মপরিবেশ স্বচ্ছ হয়েছে। অনিয়ম কমায় রোগীদের প্রতি সেবা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তাঁরা।

বাংলাদেশ নৌবাহিনী আকস্মিক অভিযান শুধু স্বাস্থ্যসেক্টর নয়, চরফ্যাশন চরপেশন উপজেলার অন্তর্ভুক্ত রাস্তাঘাট হাট বাজার সহ নানা সরকারি কাজেও অনিয়মের অভিযোগ ছিল বহুদিনের। নৌবাহিনীর একাধিক আকস্মিক পরিদর্শনে বিভিন্ন প্রকল্পের কাজে গতি ফিরে এসেছে বলে জানান এলাকার বাসিন্দারা। অব্যবস্থাপনার অভিযোগে কিছু ঠিকাদারি কার্যক্রম পুনর্বিবেচনার নির্দেশও দেওয়া হয়।

চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা, জুয়া ও কিশোর গ্যাং এর অত্যাচার সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌ বাহিনীর নিয়মিত টহল, হঠাৎ চেকপোস্ট ও গোপন অভিযানের কারণে অপরাধচক্রের দৌরাত্ম্য কমেছে বলে জানান স্থানীয়রা।

চরফ্যাশন পৌরসভার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আগে সন্ধ্যা হলেই কিছু এলাকায় জুয়া ও মাদক কেনাবেচা সহ কিশোর গ্যাং এর তৎপরতা ছিল। এখন তা চোখে পড়ে না।

পূর্বে স্থানীয় আইন–শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানের ফলে পরিস্থিতিতে স্পষ্ট পরিবর্তন এসেছে—এমনটাই মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা।

চরফ্যাশনের সাধারণ মানুষের প্রত্যাশা, নৌবাহিনীর এই উদ্যোগ কেবল সাময়িক অভিযানে সীমাবদ্ধ না থেকে যেন টেকসই সংস্কারে রূপ নেয়। স্বাস্থ্যসেবা ও আইন–শৃঙ্খলার মান উন্নত হওয়ার ফলে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

নাম প্রকাশ্যে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক বলেন, চরফ্যাশনে আমরা দীর্ঘদিন ধরে ভালো সেবার অভাব দেখেছি। এখন যে পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে হলে স্থানীয় প্রশাসনকেও একইভাবে তৎপর থাকতে হবে।

দীর্ঘ অনিয়ম–অব্যবস্থাপনার পর নৌবাহিনীর নজরদারি ও অভিযানের কারণে চরফ্যাশনে স্বাস্থ্যসেবা, পৌর সেবা ও আইন–শৃঙ্খলার চিত্র পাল্টে যাচ্ছে—এমনটাই বলছে স্থানীয়রা। এই ধারাবাহিকতা বজায় থাকলে চরফ্যাশন আরও সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব এলাকায় পরিণত হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram