

কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামী বছর ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের রায়েই দেশের ভবিষ্যৎ ঠিক হবে। তাই নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা এ দেশের মানুষ প্রতিহত করবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব নাদিম হোসেন, অতিরিক্ত প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা, বিএসইসি, শিল্প মন্ত্রণালয়, হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল।
আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান সুমনের সভাপতিত্বে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আমিনুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।
