

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি অফিস বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.রকিবুল হাসানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিধান রায়। পরে অতিথিরা কৃষক ও কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, ২০২৫-২৬ অর্থ-বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চার হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধান বীজ ও দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
