

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে “কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা” এর উদ্যোগে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কুলিয়ারচরের বড়খারচর এলাকায় অবস্থিত “কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা”য় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, সয়াবিন তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ও ধনিয়ার গুঁড়া। সহায়তা পেয়ে উপস্থিত প্রতিবন্ধীরা এ সময় সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফারজানা আক্তার উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত।
এ সময় কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য ও কুলিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, সদস্য রাকিবুল রহমান রফিক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সদস্যগণ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
