

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার সংলগ্ন রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে।
রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা। এতে দ্বিতীয় দিনের জন্য আবারও উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
এসময় তারা '২৪ এর বাংলায় বৈষম্যের ঠাই নাই', 'বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচার ঠাই নাই', '৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে', 'সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস', 'সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই, ইত্যাদিসহ অন্যান্য স্লোগান দেয় ৷
রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব পোষণ করে রেখেছে ৷ গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম, কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।
তিনি আরও বলেন, দ্রুত নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ দিতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে গতকাল বিকেল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তাঁরা। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের প্রায় ৬ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।
এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর, কিন্তু লিখিত পরীক্ষার জন্য মাত্র দুমাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক। ছাত্রশিবির, এনসিপি, ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে যৌক্তিক সময় দেওয়ার জন্য ৷ তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না?
৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে প্রথম বার অংশগ্রহণ করে ৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

