

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অনন্তপুর বিওপি’র টহলরত বিজিবি বিশেষ টিম ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যায়।পরে তল্লাশী করে ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২শত ৫০ টাকা দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

