

মো: নাজমুল হোসেন ইমন, রিপোর্টার (ডিজিটাল): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার সময় ৮ নং হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউজ সংলগ্ন এলাকা থেকে কাস্টমসের নকল জ্যাকেট পরিহিত অবস্থায় সংঘবদ্ধ প্রতারকচক্রের একজনকে হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
তার নাম মো. সবুর খান (২৫)। সোমবার প্রতারণার শিকার হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯) বাদী হয়ে ওই প্রতারকসহ প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ জানায়, রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস সংলগ্ন এলাকায় কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে অভিযু্ক্ত মো. সবুর খান ও তার একজন সহযোগী হারেস (৩২) অভিযোগকারী মো. সুমন মিয়া (২৯) এর নিকট থেকে আনুমানিক ৯৫ (পঁচানব্বই) গ্রাম স্বর্ণালঙ্কার ও ১ টি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে। তখন সেখানে দায়িত্বরত এয়ারপোর্ট এপিবিএন সদস্য প্রতারকচক্রের মূলহোতা সবুর খানকে গ্রেপ্তার করেছে। অপর সহযোগী স্বর্ণালংকারসহ দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ প্রতারকচক্র দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পরিচয়ে সাধারণ যাত্রী ও সহযাত্রীদের নানা কৌশল অবলম্বন করে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছে। সাম্প্রতিক সময়ে অনেকেই এই প্রতারকচক্রের প্রতারণার শিকার।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, ‘বিমানবন্দর ঘিরে বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা চোরাচালানকারী ও প্রতারকচক্র নির্মূলে নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।’
