ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2025

রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি

রাশিয়ার দুটি টিইউ–২২এমথ্রি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরের নিরপেক্ষ আকাশসীমায় পরিকল্পিত টহল অভিযান পরিচালনা করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবারের এই টহল নিয়ে সরকারি সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি প্রতিবেদন প্রকাশ করেছে।

এই টহল অভিযান এমন এক সময় হয়েছে, যখন প্রথমবারের মতো রাশিয়া বৃহৎ পরিসরে পারমাণবিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, টহলের বিভিন্ন পর্যায়ে ওই বোমারু বিমানের পাশ দিয়ে কয়েকটি বিদেশি যুদ্ধবিমান উড়ে যায়, যদিও সেগুলো কোন দেশের ছিল তা প্রকাশ করা হয়নি।

টিইউ–২২এমথ্রি মডেলের এই বোমারু বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং রাশিয়া সাধারণত দূরপাল্লার হামলা ও কৌশলগত টহল অভিযানে সেগুলো ব্যবহার করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ইউরোপের আকাশসীমায়, বিশেষ করে বাল্টিক ও আর্কটিক অঞ্চলে, এ ধরনের উড্ডয়ন বাড়িয়েছে।

ন্যাটো একাধিকবার অভিযোগ করেছে, রাশিয়ার এসব টহল তাদের সীমান্তসংলগ্ন এলাকায় সম্পন্ন হয়, যা জোটটির মতে বৈরী মনোভাবের প্রতিফলন। তবে রাশিয়া দাবি করে, এসব মহড়া পুরোপুরি নিয়মিত ও পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরপেক্ষ আকাশসীমায় পরিচালিত হয়।

ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পুতিনের এমন পারমাণবিক বার্তা মূলত কিয়েভ ও পশ্চিমা মিত্রদের প্রতি এক ধরনের সতর্ক সংকেত। একই সময়ে, ন্যাটোও চলতি মাসে নিজস্ব পারমাণবিক প্রতিরোধ মহড়া পরিচালনা করছে, যা ইউরোপে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র : রয়টার্স।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram