

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকিম সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ এ তথ্য নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ঢাকাগামী ‘জামান পরিবহন’-এর একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে আরব আলী সরদার বলেন, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
