

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় সাবেক বন ও পরিবেশ বিষযক সম্পদক কর্নেল (অব.) শাহজাহান মিয়া (মিলন) এর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মঠবাড়িয়া জাতীয়তাবাদী কৃষকদল কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কাওসার মল্লিক।
সভায় কর্নেল (অব.) শাহ্জাহান মিয়া মনোনয়ন প্রত্যাশা করে বলেন, বিএনপির কর্ণধার আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নে নিবেদিত হয়ে কাজ করবো। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে পারবো। কারণ আমি দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে তৃণমূলের জনসাধারণের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, গণসংযোগ করেছি। মঠবাড়িয়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে মাঠে ছিলাম। সেই দিক থেকে মূল্যায়ন করলে আমি মনোনয়ন এর ব্যাপারে আশাবাদী।
