ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2025

কাতারে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন নেতানিয়াহু

চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে তিনি ক্ষমা চান।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একইসঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপটিকে ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট জটিলতা নিরসনে মার্কিন প্রচেষ্টার অংশ আখ্যা দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কাতারি ভূখণ্ডকে কোনো লক্ষ্যবস্তু না করার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। হামলায় হামাসের অন্তত পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram