

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মাচায় তরমুজ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ফলে তরমুজ চাষিদের মধ্যে হাঁসি ফুটছে। জানা যায়, অত্র কাহারোল উপজেলার উচিতপুর টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপের রঙ্গিলা জাতের তরমুজ খরিপ-২/২০২৫-২৬ চলতি অর্থ বছরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের চকমহরম গ্রামের তরমুজ চাষি কৃষক মোঃ ইসমাইল হোসেনের জমিতে মাচায় প্রচুর পরিমাণে রঙ্গিন তরমুজ ঝুলছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় এবং সংশ্লিষ্ট ব্লকের কৃষি উপ-সহকারী কর্মকর্ত মোঃ ওবাইদুর ইসলামের তত্ত্বাবধায়নে ওই গ্রামের কৃষক মোঃ ইসমাইল হোসন চাষ করেছেন উচ্চমূল্যের মাচায় তরমুজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্ষার সময় রঙ্গিন তরমুজ চাষের জন্য কৃষক মোঃ ইসমাইল হোসেনকে ২০ শতক জমি প্রদর্শনী হিসেবে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, তরমুজ চাষি তার জমিতে ফসলের পরিচর্যা করছেন।
তরমুজ চাষি মোঃ ইসমাইল হোসেন জানান, সর্বমোট ২০ শতক জমিতে রঙ্গিন তরমুজ চাষ করা হয়েছে। বর্তমানে ফলনও ভালো হয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে তরমুজ গুলো বাজারজাত করা হবে বলে তিনি আশা করছেন। বর্তমানে বাজারে প্রতি কেজি রঙ্গিন তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত। তিনি তরমুজের ভালো দাম পাবেন এবং অধিক লাভের আশা করছেন।
এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, মাচায় রঙ্গিন তরমুজ চাষের জন্য কৃষককে ২০ শতক জমিতে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার উপকরণ এবং কৃষক তরমুজের ভালো দাম পাবেন বলে আশা করা যাচ্ছে। আমাদের কৃষি বিভাগ তরমুজ চাষি কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে।
