

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বিষাক্ত বড়ি খেয়ে তামান্না (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায়।
নিহত তামান্না ওই গ্রামের আ. কাদিরের পুত্র মোক্তার হোসেনের স্ত্রী এবং সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকার আবু সাইদের মেয়ে।
ঘটনার বিবরণে নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই জানান, প্রায় ১১ বছর আগে তামান্নার বিয়ে হয় মোক্তার হোসেনের সঙ্গে। তাদের দুটি সন্তান রয়েছে। স্বামীর পরিবারের লোকজন প্রতিনিয়ত তামান্নার উপর অত্যাচার, নির্যাতন করতো। বৃহস্পতিবার দুপুর ১.৩০টায় পারিবারিক কলহের জেরে তামান্না বিষাক্ত বড়ি (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তামান্নার মৃত্যু হয়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এম্বুলেন্সে করে লাশ থানায় নিয়ে এসে লাশসহ এম্বুলেন্স থানার সামনে রেখে পালিয়ে যায়।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, লাশ ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
