

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী এলাকায়।
তারা হলো ওই এলাকার আবুল হোসেনের পুত্র আনিস (৭)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র এবং অপরজন স্থানীয় একটি কেজি স্কুলের কেজি ১ এর ছাত্র ও একই এলাকার জাহাঙ্গীরের পুত্র জাহেদ (৫)।
স্থানীয়রা জানান, তারা দুজনে বাড়ী থেকে সামান্য দূরে রাস্তার পাশে ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডোবার পানি থেকে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। একই বাড়ীর দুটি কচি কচি শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
