ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৫

বড়লেখায় ব্যবসায়ীর সাথে নারীর প্রতারণা, আদালতে মামলা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় এক মিষ্টান্ন ব্যবসায়ীর সাথে পারিবারিক সম্পর্ক গড়ে নানা বিপদ-আপদ দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও বাকিতে মালামাল ক্রয়সহ নানা কৌশলে ৪ লাখ ৯০ হাজার টাকা ধার নেন বিয়ানীবাজারের এক তরুণী তালাকপ্রাপ্ত নারী। ঋণ নেওয়া টাকা ও বাকিতে নেওয়া নানা পণ্যের মূল্য পরিশোধ ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় ওই তরুণী ও তার বাবা-ভাই ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

‘তুমি এ অঞ্চলের বহিরাগত, এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে ৫ লাখ চাঁদা দিতেই হবে। নতুবা এখানে ব্যবসা করতে দিব না’ এমন হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনে ব্যবসায়ী মাহমুদ হোসেন মামুন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অবশেষে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী সুরাইয়া রহমান তমা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হুছনা আক্তার সেলিনা ও তার বাবা-ভাইয়ের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি ও প্রতারণা মামলা (সিআর-৫০৫/২৫) করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী ধার্য্য তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সুরাইয়া রহমান তমা বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের সহির উদ্দিনের মেয়ে। প্রায় ১০ বছর পূর্বে বরিশালের বাসিন্দা মাহমুদ হোসেন মামুনের সাথে তার বিয়ে হয়েছে। মাহমুদ হোসেন মামুন বেশ কয়েক বছর ধরে বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে রসমেলা নামক মিষ্টির দোকান পরিচালনা করছেন। প্রায় দুই মাস আগে বিয়ানীবাজার উপজেলার জলঢুপ কমলাবাড়ি এলাকার সাহাবুল ইসলামের মেয়ে হুছনা আক্তার সেলিনা রসমেলা থেকে পণ্য ক্রয় করেন। প্রায়ই মিষ্টির দোকান থেকে মিষ্টান্নসহ অন্যান্য মালামাল ক্রয়ের সুবাধে ব্যবসায়ী মামুন ও তার স্ত্রীর সাথে সেলিনা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। ওই সম্পর্কের সুযোগে বাকিতে পণ্য ক্রয় ও নানা বিপদ-আপদ দেখিয়ে মামুনের কাছ থেকে টাকা ধার নিতে থাকেন। সেলিনা প্রথমে ধার করা কিছু টাকা ফেরত দিয়ে তাদের আস্থা অর্জন করেন। পরবর্তীতে স্বামীর চিকিৎসার দেনা মেটানোর কথা বলে ২ লাখ টাকা ধার নেন এবং কথা দেন জায়গা বিক্রি করে হাতে টাকা পাওয়া মাত্র তা ফেরত দেবেন। পরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাদীর মেয়ের এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নেন। এছাড়া বিভিন্ন সময়ে দোকানের মালামাল ও নগদ টাকা মিলে আরও ১ লাখ ২০ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কারসহ সর্বমোট ৪ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেন।

ব্যবসায়ী মাহমুদ হোসেন মামুন ধার করা টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তা আত্মসাতের উদ্দেশ্যে ফাঁদে ফেলতে সেলিনা তাকে কু-প্রস্তাব দেন। কিন্তু ব্যবসায়ী মামুন এতে রাজি হননি। সেলিনা হুমকি দেন তার প্রস্তাবে রাজি না হলে দাম্পত্য জীবনে ভাঙন ধরাবেন। এরপর ভাই কাওছার আহমদ ও বাবা সাহাবুল ইসলাম কয়েকজনকে নিয়ে ব্যবসায়ী মামুনের দোকানে গিয়ে বলপ্রয়োগ করে ৭০ হাজার টাকার পণ্য ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান। ৫ সেপ্টেম্বর রাতে দোকানে গিয়ে প্রকাশ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকি দেন, ‘তুমি এই এলাকায় বহিরাগত। এখানে ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে, নইলে ব্যবসা করতে দেব না, রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াবে।’

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ জানান, বিজ্ঞ আদালত বাদি সুরাইয়া রহমান তমা পিটিশন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram