ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

যুক্তরাষ্ট্রের বিকল্প খুঁজবে বেইজিং বৈঠক

সাত বছরের মধ্যে আজ রবিবার চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। এখন বিশ্ববাসী তাকিয়ে আছেন সেদিকে। কারণ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের মধ্যে এই বৈঠক বা পর্যায়ক্রমিক বৈঠকগুলো নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এশিয়ায় ভারত ও চীনের মধ্যে জোট গড়ে উঠতে পারে। তাতে এশিয়া শক্তিশালী হবে। ভারত ও চীনের মধ্যে যেসব কণ্টকিত ইস্যু আছে তাকে পাশ কাটিয়ে বা তার সমাধান করে কিভাবে যুক্তরাষ্ট্রের কব্জা থেকে বেরিয়ে আসা যায়, হয়তো দুই নেতা সে চেষ্টা করবেন। এ কারণে সবাই তাকিয়ে আছেন বেইজিং বৈঠকের দিকে।

মোদির মনে সবচেয়ে বড় বিষয় হয়ে আছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের শুল্কনীতি। গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্য- হীরা ও চিংড়ি সহ বিভিন্ন পণ্যে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার তেল কেনা চালিয়ে যাওয়ার জন্য দিল্লিকে শাস্তি দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের শুল্ক ভারতের রপ্তানি খাত ও উচ্চাভিলাষী প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রায় দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে।

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও চেষ্টা করছেন দুর্বল চীনা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে। আকাশচুম্বী মার্কিন শুল্ক তার পরিকল্পনাকেও ঝুঁকির মুখে ফেলেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি ভারত-চীন সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। তাতে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশের নেতা হয়তো সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবেন, যা এতদিন সীমান্ত বিরোধসহ নানা কারণে অবিশ্বাসের ছায়ায় ছিল। চ্যাথাম হাউসের বিশ্লেষক চিয়েতিজ বাজপেয়ি ও ইউ জিয়ে লিখেছেন, ‘সোজা কথায় ভারত-চীনের সম্পর্কের যা ঘটবে, তা বিশ্বের বাকি অংশের জন্যও গুরুত্বপূর্ণ।’ ভারত ও চীন উভয়ই অর্থনৈতিক পরাশক্তি। তারা ক্রমের দিক থেকে বিশ্বের পঞ্চম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি ধরে রেখে ভারত ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও ৫ ট্রিলিয়ন ডলারের শেয়ারবাজার নিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে।

বেইজিং-ভিত্তিক উসাওয়া অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা কিয়ান লিউ বলেন, এখন সময় এসেছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারত কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে নজর দেয়ার। তবে সম্পর্কের জটিলতাও প্রচুর। দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার বড় জায়গা। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয়। তা ছিল চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এর প্রভাব পড়ে অর্থনীতিতেও।

সরাসরি ফ্লাইট বন্ধ হয়, ভিসা ও বিনিয়োগ স্থগিত হয়। অবকাঠামো প্রকল্প ধীরগতি পায়। আর ভারত ২০০টিরও বেশি চীনা অ্যাপ, টিকটকসহ, নিষিদ্ধ করে। আন্তর্জাতিক কৌশল বিশেষজ্ঞ আন্তোয়ান লেভেস্ক বলেন, ভারত-চীনের মধ্যে সংলাপ দরকার, যাতে এশিয়ার স্থিতিশীলতায় তাদের ভূমিকা নিয়ে অন্য শক্তিগুলোর প্রত্যাশা সঠিকভাবে পরিচালিত হয়। তিব্বত, দালাই লামা, যৌথ নদীর পানিবণ্টন ও পাকিস্তান-সংক্রান্ত ইস্যু- সবই সম্পর্কের নতুন নতুন ফাটল তৈরি করছে। যদিও বড় কোনো অগ্রগতি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তবুও মোদির সফর আংশিক সম্পর্ক মেরামত করতে পারে এবং ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিতে পারে যে ভারতের সামনে বিকল্প আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram