ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন

কক্সবাজার প্রতিনিধি: মাদকের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

গত ১৪ জুলাই কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২০ জুলাই টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এ কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন সোমেন মন্ডল, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার।

সূত্র জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে কক্সবাজার হয়ে দেশব্যাপী মাদক বিস্তার পাচ্ছে। শুধু সড়কপথ নয়—রেলপথ, নদীপথ ও সমুদ্রপথও ব্যবহার করছে চক্রটি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি সত্ত্বেও মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন কৌশলে পাচার অব্যাহত রেখেছে।

এদিকে মাদক পাচার বন্ধে টাস্কফোর্সের প্রধান কর্মপরিকল্পনাগুলো হচ্ছে,

১. আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে নজরদারি জোরদার ও সাড়াশি অভিযান।
২. মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি।
৩. মাদক সংক্রান্ত মামলার দ্রুত আইনি নিষ্পত্তি।

এদিকে, টাস্কফোর্স গঠনের পর থেকে অদ্যাবধি স্বল্প সময়েই ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে- ২১,৭৯,৪৮৩ ইয়াবা, ১৪৯২.৫ লিটার বাংলা মদ, ৩৮ কেজি ৩২১ গ্রাম গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার ও ২ কেজি ৫৮৫ গ্রাম ক্রিস্টাল মেথ। এছাড়া ৩৪৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দেয়া হয়েছে।

টাস্কফোর্সের মতে, মাদক প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা সবচেয়ে কার্যকর। সচেতন মানুষ মাদক থেকে বিরত থাকবে, কারবারিদের প্রতিরোধ গড়ে তুলবে এবং তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। এজন্য শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি স্তরে সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে।

টাস্কফোর্স আশাবাদী যে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে কক্সবাজার হয়ে চলা মাদক চোরাচালানের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে। একই সঙ্গে একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ উদ্যোগ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram