

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মা-বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে সিলেট শেখ ঘাট এলাকার কবির আহমেদ এর ছেলে। মাসুমের বাবা কবির আহমেদ সিলেট থেকে সপরিবারে এসেছিলেন টাংগুয়ার হাওর দেখতে।
শুক্রবার দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওর এলাকায় মাসুম নৌকা থেকে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালিত করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো. ফরিদ হোসেনের নেতৃত্ব ডুবুরিদল বিকেল সাড়ে ৪ টার দিকে মৃতদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

