

মো: হারুন অর রশিদ, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরা এলাকা থেকে আনুমানিক ১৪ লক্ষ টাকা মূল্যমানের ৪৬.৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম শিল্পী আক্তার (৩৮)।
বুধবার (৬ আগস্ট, ২০২৫) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানাধীন বামৈল এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬.৫ কেজি গাঁজার পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ লক্ষ টাকাও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিল্পী আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবিয়া রামপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত শিল্পী আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
