

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এস এম ইউসুফ (৬৫) কে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এস এম ইউসুফ বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াাখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের এই নেতা বেশকিছু দিন আত্মগোপনে ছিলেন। গত মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত বিজয় মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এস এম ইউসুফ। যা গোটা শহরে সমালোচনার সৃষ্টি হয়।
এস.এম ইউসুফ ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত বিজয় মিছিলে অংশ নিলেও উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব রুহুল আমিন দাবি করেন, এস এম ইউসুফ ইসলামী আন্দোলনের কেউ নন। শুধু চরমোনাই পীরের মুরিদ মাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আখতারুজ্জামান সরকার বলেন, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
