

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শত বাঁধা বিপত্তির মাঝেও ছুটে চলার এক দুরন্ত নাম। যিনি সামাজিক অপরাধ প্রতিরোধ, রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালন ও মানুষের যেকোনো সেবায় একজন অন্যতম দায়িত্বশীল কর্মকর্তা। কেননা তিনি মতলব উত্তর উপজেলায় যোগদান করার পর থেকেই তিনি কাজের দায়িত্বকে বড় হিসেবে নিয়ে তথ্য পাওয়া মাত্রই ছুটে যান পথ যতই কঠিন হোক, মানেন না কোন বাঁধা বিপত্তি।
এমনই একটি ঘটনা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার অবৈধ মৎস্য জাল বিরোধী অভিযান চালায় মৎস্য কর্মকর্তার কার্যালয়। ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। দায়িত্ব পালনের সময় ঘটনাস্থলে যাওয়ার কোন রাস্তা না থাকায় নিজেই নেমে গেলেন হাঁটু সমান পানিতে। আর জুতা খুলে একহাতে আর ওয়ালেট একহাতে। তবে পরনের প্যান্ট অনেকটাই ভিজে গেছে। তাও তিনি থেকে যাননি দায়িত্ব পালনে। এমনই কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উপজেলার আমুয়াকান্দা, ঠাকুরচর হতে ১টি ভেসাল জাল, ৫টি চায়না দুয়ারী চাই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপপরিদর্শক মোঃ জামিল।
গত ২৬ জুলাই শনিবার বিকালে উপজেলার শিকারীকান্দি থেকে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা তথ্য পান কৃষি জমিতে ড্রেজিং চলছে তাও আঞ্চলিক মহাসড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সাথে সাথেই তিনি ছুটে যান ঘটনাস্থলে আর ব্যবস্থা নেন অপরাধীর বিরুদ্ধে। এমন শত শত উদাহরণ আছে। এভাবেই দায়িত্বকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে কথা হয় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার সঙ্গে। তিনি বলেন, সরকার আমাকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য এই চেয়ারে বসিয়েছেন। এটা আমার কর্ম, রিযিক। তাই দায়িত্বের বাইরে আমি কিছু ভাবতে পারি না। সেটা কোন সামাজিক অপরাধের বিষয়ে বা ভূমি সংক্রান্ত সেবার বিষয়ে হোক। তিনি আরও বলেন, আমার দায়িত্ব পালনে অন্যতম অংশীদার চাঁদপুর জেলা প্রশাসন এবং অনুপ্রেরণা হলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি স্যার। তারা সবসময়ই আমার দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।
