ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

বাঁশখালীতে ডিসি'র আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝ মাঠে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী সড়ক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে সরাসরি মাঠের মধ্য দিয়ে নির্মিত এই বিশাল সড়ক নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ফরিদা খানমের গাড়ি যাতে সরাসরি বিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারে, সে উদ্দেশ্যে হঠাৎ করেই এই সড়ক তৈরির উদ্যোগ নেওয়া হয়। কাজটি এতটাই দ্রুততার সাথে করা হয় যে, অনেক শিক্ষক ও শিক্ষার্থী বিষয়টি জানতে পারেননি।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সড়কটি নির্মাণের জন্য বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ নষ্ট করে ফেলা হয়েছে, যেখানে সাধারণত শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতষ দাশ বলেন, “মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবেনা বলেই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়। উপর মহলের নির্দেশে কাজটি হয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক নির্মাণ কাজে সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, 'সোমবার দিবাগত রাত তিনটা পর্যন্ত আমরা ৩৩ জন শ্রমিক সড়কের কাজে অংশ নিই। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালি ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, 'ওখানে ডিসি মহোদয়ের গাড়ি যাবে। তাছাড়া শিক্ষার্থীদের আসা-যাওয়ায় কষ্ট হচ্ছিল, তাই সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে, সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। কতো টাকা ব্যয় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কোনো ব্যয় হয়নি, এটি প্রজেক্টের অংশ।'

জানা যায়, ‘বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়ন্তী কর্ণার ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করার কথা রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের। এতে পঞ্চাশ হাজার টাকার (আনুমানিক মূল্য) স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধনে চার লক্ষ টাকার সড়ক নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram