

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: জনবল সংকটে ভুগছে কুমিল্লার তিতাস উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বাতাকান্দি সাব-জোনাল অফিস। এই সংকটের কারণে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে গ্রাহক সেবা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা।
জানা যায়, উপজেলার এই আঞ্চলিক উপকেন্দ্রে গ্রাহক সংখ্যা প্রায় ৩৭ হাজার। আরও কয়েক শতাধিক গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলমান রয়েছে। কিন্তু গ্রাহক সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল। এই কেন্দ্রে ১৪-১৫ জন লোকের মধ্যে মাত্র ৮ জন লাইনক্রু কর্মরত রয়েছে, এর মধ্যে আবার কয়েকজন লাইনক্রু উপকেন্দ্রেও ডিউটি পালন করেন। যেখানে দুই হাজার গ্রাহকের বিপরীতে একজন করে লাইনম্যান থাকার কথা, সেখানে মাত্র দুইজন লাইনম্যান দিয়ে চলছে পুরো উপজেলা। এতে গ্রাহক সেবা ব্যাহতের পাশাপাশি সরকারের নির্দেশিত ৮ ঘণ্টার ডিউটি শিডিউল এবং সাপ্তাহিক ২ দিনের ছুটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
এছাড়াও চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষাপটে এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত আগত গ্রাহকের অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব না হওয়ায় অনেক অভিযোগ দিনের পর দিন পেন্ডিং অবস্থায় থেকে যাচ্ছে, যার ফলে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন এবং পল্লী বিদ্যুৎ এর ওপর তাদের আস্থা কমে যাচ্ছে।
উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা গ্রাহক জহির মিয়া বলেন, লাইনে সমস্যা দেখা দিলে কোনো কোনো সময় একদিনও সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকেন গ্রাহকরা। সেবার মান বাড়াতে এবং জরুরি সেবা দিতে দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পল্লী বিদ্যুতের তিতাস জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান রিপন বলেন, আমার এই আঞ্চলিক উপকেন্দ্রে চাহিদা তুলনায় জনবল খুবই কম, মাত্র ২-৩ জন লাইনম্যান দিয়ে পুরো উপজেলা কাজ করতে হচ্ছে। তাই জরুরি সেবা দিতে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি দ্রুত এর সমাধান হলে আমরা ভালো সার্ভিস দিতে পারব গ্রাহকদের।
