ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

প্রতিশোধ নিতে ‘অপারেশন মহাদেব’: পেহেলগামে হামলার হোতাসহ নিহত ৩

জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে। এরইমধ্যে এই অভিযানে শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পেহেলগামে জঙ্গি হামলার হোতা সুলেইমান শাহ ওরফে হাসিম মুসা আছেন। এনডিটিভি বলছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য হাসিম মুসা। তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর একজন সাবেক কমান্ডোও।

এই মুসা পাক সেনাবাহিনীতে থাকাকালেই অস্ত্র চালনা-সহ বিভিন্ন অভিযান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। এর পরই হাফিজ সাঈদের গোষ্ঠী লস্কর ই-তৈয়বায় যোগ দিয়েছিলেন।

সোমবার (২৮ জুলাই) সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গোপন আস্তানায় কয়েকজন জঙ্গি আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু হয় ভারতীয় বাহিনী। এই অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা এক সূত্রে বলা হয়, গুলিতে নিহত হয়েছেন এলইটি সদস্য হাসিম মুসা।

পেহেলগামে হামলায় মুসার সঙ্গে নিহত আরেক জঙ্গিও জড়িত ছিল বলে জানায় এনডিটিভি। গত ২২ এপ্রিলের ওই হামলায় প্রাণ হারিয়েছিল ২৬ জন। তাদের বেশির ভাগই ছিল পর্যটক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকালের অভিযানে নিহত অপর দুই জঙ্গির নাম আবু হামজা এবং ইয়াসির। এই দু’জনও মুসার মতো পাকিস্তানের বাসিন্দা এবং লস্কারের সদস্য বলে জানিয়েছেন শ্রীনগর পুলিশের ঊর্ধ্বতন সুপার জিভি সন্দীপ চক্রবর্তী।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ভারতীয় বাহিনী যেখানে অভিযান চালায় সেই এলাকাটি শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার মহাদেব শৃঙ্গের আশপাশের ঘন জঙ্গলে ঢাকা। বছরের অর্ধেক সময় এলাকাটি পুরু বরফে ঢাকা থাকে। মহাদেব শৃঙ্গ এলাকায় জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছে। তাই এই অভিযানের কোড নাম ‘অপারেশন মহাদেব’।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram