ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

ফকিরহাটে ইউপি কর্মকর্তার ঘুষ বাণিজ্য, সেবা নিতে গিয়ে হয়রানি

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: গরীবের হক কেড়ে খাওয়ার দিন কি শেষ হবে না?—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে। সেবার নামে ঘুষ আর অনিয়ম যেন হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদের নিত্যদিনের চিত্র।

সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মাদ এহসানুল হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও প্রশাসনিক অনিয়মের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, পরিষদে সাধারণ সেবা পেতে গেলেই বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করেন এই কর্মকর্তা। টাকা না দিলে দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি করেন।

ভুক্তভোগী আফরোজা বেগম বলেন, “আমার দুলাভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মানসিকভাবে ভেঙে পড়া সময়টায় মৃত্যু সনদ নিতে গেলে এহসান সাহেব ১০০ টাকা চান। ভাগ্নের জন্মনিবন্ধনের জন্য আরও ১০০ টাকা দাবি করেন। পরে জানতে পারি এই সেবাগুলো সরকারি নির্দেশনায় বিনামূল্যে পাওয়ার কথা। ফেরত চাইলে তিনি প্রথমে আমাকে রুম থেকে বের করে দেন। ঘটনা জানাজানি হলে টাকা ফেরত দেন।”

তিনি আরও বলেন, “এটা শুধু টাকার বিষয় নয়, এটা একজন নাগরিকের ন্যায্য অধিকার। আমি চাই, আর কেউ যেন এমন হয়রানির শিকার না হন।”

একই অভিজ্ঞতা বর্ণনা করেছেন হামিম হোসেন নামের এক যুবক। তিনি জানান, “জন্মনিবন্ধন করতে গিয়ে কয়েকদিন ঘোরানোর পর টাকা দিতে হয়। কিন্তু পরে দেখি, জন্মনিবন্ধনে আমার বাবাকে মৃত দেখানো হয়েছে—যদিও তিনি জীবিত। এটা অবহেলা নয়, এটি অপরাধ।”

স্থানীয়রা জানান, মুহাম্মাদ এহসানুল হাসান পূর্বের কর্মস্থলেও অনিয়মে জড়িত ছিলেন। অথচ এমন একজন কর্মকর্তার হাতে ইউনিয়নবাসীর মৌলিক সেবার দায়িত্ব!

এ বিষয়ে বক্তব্য চাইলে এহসানুল হাসান বলেন, “কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আমি ভুল করে টাকা নিয়েছিলাম, পরে তা ফেরত দিয়েছি।”

তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। তিনি বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

একজন প্রশাসনিক কর্মকর্তার অনিয়ম শুধু ব্যক্তি নয়, পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ঘুষ আর হয়রানির এই দুষ্টচক্র ভেঙে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো এখন সময়ের দাবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram