

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত। রায়ে পৃথক দুই ধারায় তাকে ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৮ জুলাই) বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত শহীদুজ্জামান সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার পারকুমিরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে অনুদানের আবেদন নিয়ে ২০১৭ সালের ৩০ জুলাই প্রধান শিক্ষক মেহেদী হাসান জেলা পরিষদের সাঁটলিপিকার শহীদুজ্জামানের কাছে যান। শহীদুজ্জামান অনুদানের বিপরীতে শতকরা ৩০ ভাগ ঘুষ দাবি করেন। প্রাথমিকভাবে তিনি ১০ হাজার টাকা গ্রহণ করেন এবং পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। ২০১৮ সালের ১২ জুন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিকল্পনায় ফাঁদ পেতে শহীদুজ্জামানকে ঘুষের পুরো ১ লাখ টাকা নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। টাকা পাওয়ার পরপরই দুদকের কর্মকর্তারা তার কক্ষ থেকে ওই টাকা উদ্ধার করেন। এ ঘটনায় একই দিন দুদকের সহকারী পরিচালক মো. মহতাব উদ্দিন সাতক্ষীরা থানায় মামলা (নং-২৫) দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ নভেম্বর চার্জশিট দাখিল করা হয় এবং ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর চার্জ গঠন করা হয়।
