

শাহজাহান কবির, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর বাজারে শনিবার সকালে অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাত হোসেনের নির্দেশে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নইমউদ্দিন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধান সড়কের দু পাশে অসংখ্য অবৈধ দোকানপাট বসে রাস্তার জায়গা ছোট করে ফেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তা ছাড়া বাজারে সিএনজি অটোরিকশার আধিক্যের ফলে লোকজন স্বাভাবিক ভাবে রাস্তা পারাপার হতে পারেনা। এ অভিযোগ অনেক দিন ধরে। মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান করে এ গুলো বন্ধ করে দিলেও দু চার দিন পর আবার একই অবস্থায় ফিরে যায়। এবার চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর যদি অবস্থা আগের জায়গায় ফিরে যায় তবে সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তি ও জরিমানা নিশ্চিৎ করা হবে।
