

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ে আবারও ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ। শুক্রবার (২৫ জুলাই) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা-ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে ১–৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, ভাঙনে অন্তত দুই হাজার পরিবার ঝুঁকিতে রয়েছে এবং চাষাবাদের জমিতেও হুমকি তৈরি হয়েছে। এর আগে ২০২৩ সালের আগস্ট ও চলতি বছরের মে মাসেও একই এলাকায় ভাঙন দেখা দিয়েছিল।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
