ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৮
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

ম্যারাডোনার ‘রেকর্ড’ ভাঙার পথে মেসি

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ তিন বিশ্বকাপ আসরে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন লিওনেল মেসি। দু’বার সেই কীর্তি নিয়ে এর পরের অবস্থানে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে ম্যারাডোনাও সমানসংখ্যক বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন আলবিসেলেস্তেদের। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে মেসি সর্বোচ্চ চতুর্থ আসরে অধিনায়কত্ব করার রেকর্ড দখলে নেবেন!

এ ছাড়া আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়বেন মেসি। তিনি বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (২৬) খেলার রেকর্ডটিও আগেই দখলে নিয়েছেন। এবার সেই সংখ্যাটি আরও বাড়িয়ে নেওয়ার পালা। ইতোমধ্যে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন এলএমটেন। এবার তার নেতৃত্বাধীন আর্জেন্টাইন স্কোয়াডে রয়েছে অধিনায়কের সমাহার!

এখন পর্যন্ত আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে তার দলে সিনিয়র কারা থাকছেন তা প্রায় নিশ্চিত। এমনকি টিওয়াইসি আগের এক প্রতিবেদনে ২২ জন খেলোয়াড়ের জায়গা পাকা বলে জানিয়েছিল। ক্লাব ফুটবলে অধিনায়কত্ব করা একাধিক খেলোয়াড় আর্জেন্টিনার স্কোয়াডে আছেন। যারা নিঃসংকোচে নিজেদের এমন এক নেতার কাছে সমর্পণ করেন, যাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। যদিও মেসির নেতৃত্ব সবসময় এমন ছিল না। সাবেক বিশ্বকাপজয়ী সার্জিও বাতিস্তা যুব দলে মেসির কোচ ছিলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘যখন সে পরিণত হলো, বুঝল যে সময় এসেছে, তখনই সে বিস্ফোরিত হলো। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। যখন অনুভব করল তারই এখন দলকে এগিয়ে নেওয়ার সময়, তখন সে সেটাই করেছে।

সে ছিল খুব বুদ্ধিমান। যখন নিজেকে নেতা হিসেবে অনুভব করেনি, তখন নেতা হওয়ার চেষ্টাও করেনি। হয়তো ভাবত “যদি কোনো ভুল হয়ে যায়?” সে শুধু ফুটবল খেলতেই চেয়েছিল। নিজের নেতৃত্বের সময় অনুভবের পরই তা গ্রহণ করল।’ মেসি অধিনায়কত্ব পান ২০১১ সালের সেপ্টেম্বরে, ততদিন আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাশ্চেরানোর কাছে। তিনি ধীরে ধীরে নেতৃত্বের ভূমিকায় নিজেকে গড়ে তোলেন বলে দাবি সেবাস্তিয়ান বেক্কাসিসির, ‘লিও ২০ বছর ধরে শীর্ষে থেকেও বিনয় দিয়ে দলকে নেতৃত্ব দেয়। হারলে সে রাগ করে, আর সেটাই অসাধারণ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে নেতৃত্বকে ভারসাম্যপূর্ণ করেছে। এখানে নেতা নিয়ে কোনো প্রশ্ন নেই, সে-ই নেতা। আর এমন নিরঙ্কুশ নেতা অনেক নির্দেশনা দিতে পারে।’

আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে থাকা অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি ডাকা হয় ‘দ্য জেনারেল’ নামে। তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকাকে রক্ষণভাগ থেকে নেতৃত্ব দেন। তাকে নিয়ে কোচ হোসে মরিনিয়ো বলেন, ‘অনেক ক্লাবে আর্মব্যান্ড শুধু ডান হাতে থাকে। কিন্তু এখানে সেটি এমন একজনের হাতে, যে সত্যিকারের অধিনায়ক এবং সেই দায়িত্ব বহন করে।’ এ ছাড়া মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস বোকা জুনিয়র্স এবং রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল রিভার প্লেটের অধিনায়কত্ব করছেন। এর বাইরে ক্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব দেন কোচ থমাস ফ্র্যাঙ্ক। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে নিয়ে ফ্র্যাঙ্কের অভিমত, ‘কুতি সেই ধরনের নেতা, যাকে সবসময় কথা বলতে হয় না। তার উপস্থিতি ও তীব্রতাই নেতৃত্বের প্রতীক।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram