ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও জানান তিনি।

আজ রোববার নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর করা এই আবেদনে নির্বাচনে ভোট কারচুপি, অনিয়ম এবং বেআইনি প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়।

আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এনসিপির মনোনীত প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি ঢাকা-৮ আসনে শাপলা কলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করি। একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সেখানে তিনি এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল হওয়া ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নেন। এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন।’

তিনি বলেন, ‘১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালাসহ নির্বাচন সংক্রান্ত আইন-কানুনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে অবৈধভাবে রিটার্নিং অফিসার মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমি এ দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনছি এবং আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আবেদনপত্রে কয়েকটি কেন্দ্রের নাম উল্লেখ করে অনিয়ম ও কারচুপির অভিযোগের বিবরণ দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই প্রার্থী বলেন, ‘সার্বিক বিবেচনায় ঢাকা-৮ আসনে অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল অনুকূলে নেওয়ার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া এবং মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও তার সন্ত্রাসী কর্মী বাহিনীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

‘সেইসঙ্গে ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি এবং আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট ধানের শীষের ভোট থেকে বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করছি। পুনঃগণনার আগ পর্যন্ত ঢাকা-৮ আসনের শপথ অনুষ্ঠান আয়োজন না করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং আইনানুগ কর্তব্য পালনের মাধ্যমে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি’, বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মোট ভোট পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। এ আসনে তার নিকটতম নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। আর পোস্টাল ভোটে আব্বাস পেয়েছেন ২ হাজার ৮১৪ ভোট এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২ হাজার ৫৫৫ ভোট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram