

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী তিন থেকে চারদিনের মধ্যে এটি সারা দেশে বিস্তর লাভ করতে পারে। ফলে দেশের সব বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, দেশের উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
